কক্সবাজার টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা সিকদারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার।

সোমবার (২৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে থামানো হয়। এ সময় বিজিবি সদস্যরা এবং বিজিবির নারকোটিক্স ডগ “হেনরী” গাড়িটিতে তল্লাশি চালানোর প্রস্তুতি নিলে চালক নিজেকে সাংবাদিক দাবি করে অশোভন আচরণ করেন এবং জোর করে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন।

পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করেন। তল্লাশির সময় অভিযুক্তের কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে নারকোটিক্স ডগ “হেনরী”র সহায়তায় গাড়ির পেছনের সিটের কভারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস ও একটি আইফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি মোহাম্মদ আনোয়ারকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *