ঈদযাত্রায় সড়কে বাড়ছে মৃত্যু, দায় বাস মালিকদের: যাত্রী কল্যাণ সমিতি

বিটিএন ডেস্কঃ ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বাস মালিকরা এমন অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, অতিরিক্ত ভাড়ার কারণে নিম্নআয়ের মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন, ফলে সড়কে বাড়ছে প্রাণহানি।

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া না নেওয়ার আশ্বাস দিলেও বিভিন্ন রুটে সেই নির্দেশনা মানা হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় খেটে খাওয়া কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে ও পণ্যবোঝাই ট্রাকে কম ভাড়ায় যাতায়াত করতে বাধ্য হন। এরই মধ্যে চট্টগ্রাম থেকে নওগাঁগামী রডবোঝাই ট্রাক উল্টে টাঙ্গাইলে ১৫ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে সংগঠনটি।

এ ছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

যাত্রী কল্যাণ সমিতির দাবি, যাদের ঘাম ও শ্রমে দেশের অর্থনীতি মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে রাষ্ট্র।

অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে বাস মালিক সমিতিকে প্রতিশ্রুতি রক্ষা ও সরকারের কঠোর নির্দেশনা মানার আহ্বান জানান মো. মোজাম্মেল হক চৌধুরী। একই সঙ্গে দুর্যোগপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকা, নিজের ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে না ফেলে বাসের ছাদে, পণ্যবোঝাই ট্রাকে, খোলা ট্রাকে কিংবা ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য দেশের যাত্রীসাধারণের প্রতি আহ্বান জানায় যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত এই সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *