‘এর চেয়ে ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?’

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে (৩৫) আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার (২৩মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান আসামিকে আদালতে হাজির করে এই আবেদন করেন। এর আগে, আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেছিলেন আদালত।

এদিন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। তিনি বলেন, এই মামলার সঙ্গে আসামির সম্পৃক্ততা থাকায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তারের আবেদন করেছেন।

এসময় বিচারককে উদ্দেশ্য করে খাদিজা ইয়াসমিন বিথী বলেন, ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন? আমার বাচ্চা আছে। বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি চাকরি করে চলি। এত টাকা কোথায় পাবো?’

আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না জানিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে বলেন, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে জড়িত থাকবো কীভাবে? শুধুমাত্র বাবার কারণে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আমার ১৩ বছরের একটা মেয়ে বাচ্চা আছে। এর আগে আমি একটি মামলায় জামিন পাই। পরে আবার সাজানো মামলা দেয়। বারবার এত মামলা দেওয়ার কারণ কি জানিনা। আমি সেদিন আমার বাবাকে দেখতে গেছিলাম। সেখান থেকেই আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। বাবা হিসেবে তাকে দেখতে যেতেই পারি। আমি জুলাইয়ের সময় পার্ট টাইম জবের জন্য সিলেট গিয়েছিলাম।

এদিকে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, ঘটনার সঙ্গে সন্দিগ্ধ আসামি বিথির প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে। সেই কারণেই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি সরণি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে বের হওয়া মিছিলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সোহেলী তামান্না। সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। ​এ ঘটনায় নিজেই বাদী হয়ে বাড্ডা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী সোহেলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *