ভাঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট পথচারী

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী মো. খোকন ব্যাপারী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. খোকন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মো. আব্দুল করিম ব্যাপারীর ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চুমুরদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশ থেকে মহাসড়ক পার হয়ে উত্তর পাশে যাচ্ছিলেন খোকন ব্যাপারী। এ সময় ঢাকা থেকে বরিশালগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা মহাসড়কের বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা দেখে বাসটি সনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *