নিজস্ব প্রতিনিধিঃ সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রী নাদিরা মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এ আবেদনটি করেন।
দুদকের আবেদন বলা হয়, নাদিরা মাহমুদের বিরুদ্ধে অসদুপায়ে অর্জিত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, নাদিরা মাহমুদ অসাধু উপায়ে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নাদিরা মাহমুদের নামে দাখিল করা আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সমস্ত মূল নথিপত্র এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা প্রয়োজন।
