নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: মৃত বেড়ে ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আগে শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। সোমবার সকালে কাউসারের মৃত্যু হয়েছে। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে যাদের দগ্ধের পরিমাণ কম ছিল, তাদের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনো চিকিৎসাধীন।

এর আগে, বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকার ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’-এর ক্যানটিনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ ১২ জনই বিদ্যুৎকেন্দ্রটির কর্মী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *