হজের সময় স্লোগান ও পতাকা ব্যবহার নিষিদ্ধ করল সৌদি আরব

ইসলামিক ডেস্কঃ হজ মৌসুমকে সামনে রেখে একগুচ্ছ নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের হজে মক্কা, মদিনা এবং অন্যান্য পবিত্র স্থানে কোনো ধরনের রাজনৈতিক বা সাম্প্রদায়িক পতাকা প্রদর্শন, স্লোগান দেওয়া কিংবা মিছিল করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী, এগুলোর পার্শ্ববর্তী চত্বর এবং পবিত্র স্থানগুলোতে যাওয়ার প্রধান রাস্তাগুলোতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মূলত হজ চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এমন কঠোর অবস্থান নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

নতুন বিধিমালায় বলা হয়েছে, পবিত্র স্থানগুলোতে নিরাপত্তার জন্য স্থাপিত কোনো ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা খোলা, সেগুলোর কাজে বাধা দেওয়া বা জোরপূর্বক অতিক্রম করা আইনত দণ্ডনীয়। হজের কার্যক্রম যাতে নির্বিঘ্ন হয় এবং হাজিদের যাতায়াত যেন মসৃণ থাকে, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, মক্কায় প্রবেশ এবং সেখানে অবস্থানের জন্য অবশ্যই বৈধ হজ পারমিট থাকতে হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে এই পারমিট পরীক্ষা করবেন। হজ পারমিট ছাড়া কাউকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না।

বিশৃঙ্খলা এড়াতে এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে মসজিদুল হারামসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিপুল পরিমাণ নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে হাজিদের নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে শৃঙ্খলা রক্ষায় তাদের পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সুত্র : গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *