স্পোর্টস ডেস্কঃ ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে চমক দেখায় দক্ষিণ কোরিয়া। ৩২ দলের সেই আসরে শেষ ষোলোতে উঠে হেরেছিল তারা ব্রাজিলের কাছে। এবারও নকআউটে খেলতে চায় দলটি। আজ (শনিবার) ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে কোচ হং মিউং-বো জানালেন, সেটাই হবে তার দলের প্রধান লক্ষ্য।
বিশ্বকাপ অভিযানে দক্ষিণ কোরিয়াকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ তারকা সন হিউং-মিন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিতে গত মৌসুমে তিনি যোগ দেন মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে। প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহামের সঙ্গে ১০ বছরে সম্পর্ক ছিন্ন করেন এই তারকা।
প্যারিস সেন্ট জার্মেইর লি কাং-ইন ও বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার কিম মিন-জে দলে জায়গা পেয়েছেন। প্রভাবশালী মিডফিল্ডার হোয়াং ইন-বিওমকেও ডেকেছেন কোচ হং, যদিও ফেনুর্দ তারকা গোড়ালির ইনজুরিতে ভুগছেন।
১৯৮৬ সাল থেকে শুরু করে টানা ১১তম আসরে খেলতে নামছে দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিকের বিপক্ষে ১১ জুন শুরু হবে তাদের বিশ্বকাপ। এক সপ্তাহ পর তাদের দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর সঙ্গে এবং ২৪ জুন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। সবগুলো ম্যাচই হবে মেক্সিকোতে।
বিশ্বকাপের আগে সাম্প্রতিক ফল কোরিয়াকে ভাবাচ্ছে। মার্চে আইভরি কোস্টের কাছে ৪-০ গোলে হারের পর অস্ট্রিয়া তাদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে। তবে বড় কিছুর স্বপ্ন নিয়ে বিশ্বকাপে খেলবে তারা। সিউলে দল ঘোষণার পর হং বললেন, ‘আমাদের প্রথম লক্ষ্য শেষ ৩২ এ পৌঁছানো। জানি না তারপর কী হবে, হয়তো আমাদের কল্পনার চেয়েও বেশি দূরে আমরা যেতে পারব।’
দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: জো হিউন-উ, কিম সেউং-গিউ, সং বুম-কেউন।
রক্ষণভাগ (ডিফেন্ডার): কিম মিন-জে, চো ইউ-মিন, লি হান-বিওম, কিম টে-হিয়ন, পার্ক জিন-সেওব, লি গি-হিউক, লি টে-সিওক, সিওল ইয়ং-উ, জেনস কাস্ট্রপ, কিম মুন-হওয়ান।
মধ্যমাঠ (মিডফিল্ডার): ইয়াং হিউন-জুন, পাইক সেউং-হো, হোয়াং ইন-বিওম, কিম জিন-গিউ, বে জুন-হো, ইওম জি-সুং, হোয়াং হি-চ্যান, লি ডং-গিয়ং, লি জে-সুং, লি কাং-ইন।
আক্রমণভাগ (ফরোয়ার্ড): ওহ হিউন-গিউ, সন হিউং-মিন, চো গুয়ে-সুং।
