ফার্মগেট কেলেঙ্কারিতে’ ফাঁসলেও গদি ছাড়তে নারাজ আফ্রিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে অভিশংসনের জন্য একটি কমিটি গঠন করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট। দেশটিতে আলোচিত ‘ফার্মগেট কেলেঙ্কারিতে’ নাম জড়িয়েছে রামাফোসার। বিষয়টি নিয়ে তদন্ত করবে ওই কমিটি। প্রমাণ পেলে প্রেসিডেন্ট রামাফোসা অভিশংসনের মুখোমুখি হতে পারেন।

মঙ্গলবার (১২ মে) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, সোমবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করবেন, যারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ ও নথি পর্যালোচনা করবে।

গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত রায় দেয়, চার বছর আগে ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নিয়ে তদন্ত আটকে দিতে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল। এরপরই নতুন করে অভিশংসন প্রক্রিয়া সামনে আসে।

কেলেঙ্কারির সূত্রপাত ২০২০ সালে, যখন রামাফোসার মালিকানাধীন ফালা ফালা গেম ফার্মে একটি সোফার ভেতরে লুকানো প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরি হয়।

গত চার বছর আগে আলোচিত ‘ফার্মগেট কেলেঙ্কারি’ নিয়ে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট একটি তদন্ত আটকে দেয়। গত শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত বলেছেন, তদন্ত আটকে দেওয়ার উদ্যোগ দেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

প্রেসিডেন্ট রামাফোসার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা হবে কি না, আনুষ্ঠানিকভাবে সেই সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে এ তদন্ত কমিটি। তার আগে কমিটির পক্ষ থেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই–বাছাই করে দেখা হবে।

ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলবে। মূলত এই কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২০ সালে রামাফোসার মালিকানাধীন ফালা ফালা গেম ফার্ম থেকে চার মিলিয়ন তথা ৪০ লাখ ডলার চুরির ঘটনা। ওই অর্থ একটি সোফার ভেতরে লুকিয়ে রাখা ছিল বলে অভিযোগ রয়েছে।

দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা রামাফোসা কীভাবে ওই অর্থ পেয়েছিলেন, সেটি ঘোষণা করেছিলেন কি না এবং কেন তা ব্যাংকে না রেখে আসবাবের মধ্যে রাখা হয়েছিল-এসব প্রশ্ন উঠেছে। তবে তিনি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রামাফোসা স্পষ্ট করে জানান, তিনি পদত্যাগ করবেন না। পাশাপাশি একটি স্বাধীন প্যানেলের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াইয়েরও ঘোষণা দেন। ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছিল।

রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতা সিরিল রামাফোসা। ২০১৮ সাল থেকে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদে রয়েছেন। এএনসির একজন মুখপাত্র জানিয়েছেন, কেলেঙ্কারির বিষয়টি নতুন করে সামনে আসার পর করণীয় নিয়ে নির্বাহী কমিটির সভা ডেকেছে এএনসি। মঙ্গলবার (আজ) এ সভা হওয়ার কথা।

এখন তদন্ত কমিটি যদি রামাফোসার বিরুদ্ধে নেতিবাচক কিছু খুঁজেও পায়, তারপরও পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে প্রেসিডেন্টকে অভিশংসন করা কঠিন হতে পারে। কেননা প্রেসিডেন্টকে তাঁর পদ থেকে সরাতে পার্লামেন্টের নিম্নকক্ষে দুই–তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে।

২০২৪ সালে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও এএনসি পার্লামেন্টে এক-তৃতীয়াংশের বেশি আসন ধরে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *