ইরানের পারমাণবিক হুঁশিয়ারি: হামলা হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, ইরান আবারও হামলার শিকার হলে তাদের পারমাণবিক তৎপরতা চরম মাত্রায় বাড়িয়ে দিতে পারে।

ইব্রাহিম রেজায়ি স্পষ্ট করে বলেছেন, ইরানের ওপর পুনরায় আক্রমণ হলে অন্যতম প্রধান বিকল্প হিসেবে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করা হতে পারে। উল্লেখ্য যে, এই মাত্রাটি একটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় স্তরের সমান। রেজায়ি জানান, বিষয়টি নিয়ে বর্তমানে ইরানের পার্লামেন্টে পর্যালোচনার পরিকল্পনা চলছে।

ইরানের পক্ষ থেকে এমন সময়ে এই মন্তব্য এল যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে দেশটির সামরিক ও রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে।

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন এক উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতা সবসময়ই একটি স্পর্শকাতর ও প্রধান বিরোধের বিষয় হিসেবে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *