স্পোর্টস ডেস্কঃ পানামা ফুটবল দলের প্রধান কাণ্ডারি ইসমায়েল দিয়াজ। মাত্র ১৫ বছর বয়সে ক্লাব ফুটবল শুরু করে তিনি। আর ১৭ বছর বয়সে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই গোল করেন এই স্ট্রাইকার। আসন্ন ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়ার মতো ফুটবল পরাশক্তিদের গ্রুপে পড়েছে পানাম। তবে দিয়াজ মোটেও ভীত নন। উলটো প্রতিপক্ষদের হুঙ্কার দিয়ে রাখলেন এই স্ট্রাইকার।
ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে দিয়াজ বলেন, ‘আমি ছোটবেলায় আমার ভাই আর বন্ধুদের সঙ্গে রাস্তায় ফুটবল খেলতাম। আমরা খালি পায়ে খেলতাম। পা ছিলে যেত এবং চোট পেতাম। কিন্তু পরের দিন আবারও সেই রোদে খেলতে নামতাম। সেই মেঠো পথ থেকেই আমার আজকের এই জায়গা উঠে আসা।
আবেগতাড়িত হয়ে তিনি বলেন, ‘যখন পেছন ফিরে তাকাই, মনে হয় এই ত্যাগগুলোই আমাকে একজন ভালো মানুষ এবং খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে।
ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো পরাশক্তিদের বিপক্ষে খেলা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দিয়াজ। তিনি বলেন, ‘অনেকেই বলছেন আমাদের গ্রুপটা খুব কঠিন। কিন্তু আমার এটি বেশ পছন্দ হয়েছে। আপনি যখন বিশ্বকাপে খেলবেন, তখন সেরা দলগুলোর বিপক্ষেই তো লড়তে হবে। আমরা সেখানে শুধু অভিজ্ঞতা নিতে যাচ্ছি না, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি।
২০১৮ সালে বিশ্বকাপে অংশ নিলেও জয়হীন ছিল পানামা। এবার বিশ্ব মঞ্চে দেশকে প্রথম জয় এনে দিতে চান দিয়াজ। তিনি বলেন, ‘বিশ্বকাপে পানামার প্রথম জয় পাওয়া এখন আমার সবচেয়ে বড় ইচ্ছা। যদি প্রথম ম্যাচেই সেটা করতে পারি, তবে আমাদের আনন্দের সীমা থাকবে না। এটি হবে একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। বাকিটা ম্যাচেই দিনই বোঝা যাবে।
