সিগারেট চাওয়াকে কেন্দ্র করে হত্যা, মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে সোহেল মিয়া হত্যা মামলার অন্যতম আসামি হযরত আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে গাজীপুরের শ্রীপুর থানার মাওনা এমসি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ মে) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর থেকেই র‍্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর সিপিএসসি, র‍্যাব-১ গাজীপুর ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই রাতে নিহত সোহেল মিয়ার সঙ্গে তার পরিচিত ছোট ভাই রাতুল হাসান অমিয়ের (১৯) সিগারেট চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

পরে রাতুল বিষয়টি অন্যদের জানালে তারা দেশীয় অস্ত্র নিয়ে বাজারে এসে সোহেল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাতসহ এলোপাতাড়ি আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহেল মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ময়মনসিংহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১৪ জানায়, গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *