হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন রোববার সন্ধ্যায় মঞ্জুর আলীর ছেলে ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই পরদিন রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জমির আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শরীরে একাধিক টেঁটাবিদ্ধ আঘাত রয়েছে বলে জানা গেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *