ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর লে জানিয়েছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে: চিফ প্রসিকিউটর

বিটিএন ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শেখ হাসিনার পক্ষে একটি ল’ফার্মের চিঠি প্রসঙ্গে এ কথা বলেন তিনি।মো. আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে যুক্তরাজ্য থেকে ল’ফার্মের মাধ্যমে চিঠি পাঠানোর কোনো আইনি সুযোগ নেই। চিঠিটি ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৩০ মার্চ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ই-মেইলে ট্রাইব্যুনালে চিঠি পাঠান তার পক্ষে যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি ন্যাপলি।

ওই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। শেখ হাসিনার বিচারপ্রক্রিয়াকে অন্যায্য ও অবৈধ বলা হয়েছে চিঠিতে।

একইসঙ্গে চিঠির পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হলো, তা জানিয়ে ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন কিংসলি ন্যাপলি।

গত বছরের ১৭ নভেম্বর বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালীন তিনি অনুপস্থিত থাকায় তার পক্ষে আইনজীবী নিযুক্ত করেন ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী এই রায় পরিবর্তন বা বহাল রাখার ক্ষমতা রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *