ময়মনসিংহে বৃদ্ধকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে ছেলে ও নাতি আটক

ময়মনসিং প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হোসেন আলী (৮০) নামে এক বৃদ্ধকে পেটানোর পর পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহত বৃদ্ধের ছেলে ও নাতিকে আটকের খবর জানিয়েছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আটকরা হলেন, রফিকুল ইসলাম (৫৫) ও ছেলে ইব্রাহিম (২০)। ঘটনার জেরে দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, খালইপুরা মধ্যপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে শুটকি ব্যবসায়ী হোসেন আলীর সঙ্গে জমি নিয়ে তার আপন ছেলে রফিকুল ইসলামের বিরোধ চলছিল। রোববার সকাল ১০টার দিকে পুকুর পাড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে রফিকুল ইসলাম ও তার ছেলে ইব্রাহিম বৃদ্ধ হেসেন আলীকে পিটিয়ে পুকুরে ফেলে দেয়। বৃদ্ধ পুকুর থেকে ওঠার চেষ্টা করলে আবার তাকে পিটিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়। এতে হোসেন আলীর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি সাইফুল্লাহ সাইফ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত হোসেন আলীর আপন ছেলে ও নাতিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *