থাকছে ১১ নির্দেশনা এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে

বিটিএন ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সিগন্যাল জ্যামার ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষাকে ঘিরে প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট স্থানে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কেন্দ্রে ইতোমধ্যে ক্যামেরা রয়েছে, সেগুলো পরীক্ষা শুরুর আগেই সচল রয়েছে কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল ফোনের মাধ্যমে নকল ঠেকাতে কেন্দ্রে সিগন্যাল জ্যামার স্থাপন করা হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট কেউই মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

এছাড়া পরীক্ষার্থীরা যেন কোনো নোট, কাগজ বা অননুমোদিত সামগ্রী নিয়ে হলে প্রবেশ করতে না পারে, সে জন্য প্রবেশপথে তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে তল্লাশির জন্য নারী পুলিশ বা নারী পরিদর্শক নিয়োগের কথাও উল্লেখ করা হয়েছে।

নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নে কোনো অবহেলা বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *