নিজস্ব প্রতিনিধিঃ ভোলার মনপুরা উপজেলায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ কোমল পানীয় জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত একজন পাচারকারী এবং একটি ফিশিংবোটও আটক করা হয়েছে।
বুধবার দিবাগত ৩ টায় উপজেলার মূর্যমুখী মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব পন্য আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২৬ মার্চ) জব্দকৃত মালামাল, ফিশিংবোট ও আটক ব্যক্তিকে মনপুরা থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, বুধবারে উপজেলার মূর্যমুখী মাছ ঘাট এলাকায় কোস্ট গার্ডের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে চোরাচালানের নিরাপদ রুট হিসেবে পরিচিত ওই এলাকায় অভিযান চলাকালে সন্দেহজনক ফিশিংবোটে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বোটের ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কোমল পানীয় উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা, এই মালামাল অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ১ লাখ ২২ হাজার টাকার ১৭০ কেস কোমল পানীয়। এ ছাড়া পাচারে ব্যবহৃত ফিশিংবোট এবং ঘটনার সঙ্গে যুক্ত একজন ব্যক্তিকেও আটক করা হয়। আটককৃত পাচারকারী হলেন দক্ষাণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অলিউদ ব্যাপরীর ছেলে মো. হান্নান।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, আটককৃত বোট এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের মাধ্যমে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড সবসময় তৎপর। দেশের উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
