১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব এক সপ্তাহের মধ্যে: কমিটির সভাপতি

বিটিএন ডেস্কঃ বিগত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। জরুরি প্রয়োজনে জারি করা এসব অধ্যাদেশ নিরপেক্ষভাবে যাচাই করে আগামী এক সপ্তাহের মধ্যে সংসদের কাছে প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

জয়নুল আবেদীন বলেন, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশেষ পরিস্থিতিতে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশগুলো জনস্বার্থ ও ভবিষ্যৎ প্রেক্ষাপটে কতটুকু কার্যকর, তা যাচাইয়ের জন্য সংসদ থেকে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, প্রথম বৈঠকে অর্ধেকেরও কম অধ্যাদেশ পরীক্ষা করা হয়েছে। কিছু বিষয়ে সদস্যদের ভিন্নমত রয়েছে, যা নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা হবে।

কমিটির কাজ দ্রুত শেষ করতে আগামীকাল বুধবার দুপুর ২টায় আবারও দ্বিতীয় বৈঠক ডাকা হয়েছে বলে জানান সভাপতি। তিনি বলেন, ‘যদি কালকের মধ্যে সব অধ্যাদেশ যাচাই শেষ না হয়, তবে প্রয়োজনে আরও বৈঠক করা হবে। তবে আগামী ২ তারিখের আগেই যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে সংসদের কাছে উপস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে কমিটির সভাপতি বলেন, যাচাই-বাছাই শেষ হওয়ার পর সম্ভবত এক সপ্তাহের মধ্যেই প্রতিবেদনটি সংসদে ভেটিং ও পাসের জন্য উত্থাপিত হতে পারে। প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *