রাজধানীর গাবতলী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর গাবতলী এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ জীবন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একটি বেসরকারি কোম্পানিতে ড্রাইভারের চাকরি করতেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জীবনের বাড়ি নীলফামারী সদরের টুপামারি নদী পাড়া গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল গফুর। বর্তমানে পরিবারের সঙ্গে গাবতলী এলাকায় বসবাস করতেন তিনি।

নিহত জীবনকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাজু জানান, আজ ভোরের দিকে গাবতলীর মেইন রাস্তা পারাপার হচ্ছিলেন জীবন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলেও জীবনকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *