সময় পেছাল হামজার ভিয়েতনামে বাংলাদেশ স্কোয়াডে যোগদানের

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল গতকাল (শনিবার) ভিয়েতনাম পৌঁছে। আজ বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ও নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরীর ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল। তবে সেটি এখন দু’দিন পিছিয়ে ২৪ মার্চ বিকেলে পুনঃনির্ধারিত হয়েছে।

গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানিয়েছিলেন, হামজা ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনাম পৌঁছাবেন। ফেডারেশনও এই সময়ের মধ্যে একই তথ্য দেয়। এমনকি দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেছিলেন দু’দিন পর হামজা আসবে। এই তারকা মিডফিল্ডার ২২ মার্চ ভিয়েতনামে যুক্ত হবেন– সেই আলোকে হোটেল রুম ও অন্যান্য ব্যবস্থা রেখেছিল বাফুফে।

ফেডারেশন ও দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য– আজ আসার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে অতি সম্প্রতি। গতকাল হামজার দল লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ডের সঙ্গে ম্যাচ খেলেছে ৷ গোলশূন্য ম্যাচটিতে অবশ্য হামজা নামেননি। ক্লাব ফিফা উইন্ডোর সময়ে ছাড়তে চেয়েছে। তাই ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে পৌঁছাবেন ভিয়েতনামের হ্যানয়ে।

২৪ মার্চ বিকেলে এসে অনুশীলন করতে পারবেন না হামজা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগেরদিনই শুধু অনুশীলনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক ফুটবলে ক্লাব থেকে ছুটি পেয়ে ২-১ দিনের অনুশীলনেই জাতীয় দলে খেলেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *