ঈদের দিন সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঈদের দিন সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত সোহেল (২৩) উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা সোহেলকে গলা কেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, সোহেলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মীয়স্বজনদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পবিত্র ঈদের দিনে এ হত্যার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *