কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিটিএন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।”

তিনি আরও জানান, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।

তিনি বলেন, “আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব।”

এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য তিনি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান। এছাড়া তিনি জানান, রাজধানীর তাকওয়া মসজিদ-এ কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি তার আত্মিক যাত্রার সূচনা করেছেন।

পোস্টের শেষাংশে তিনি আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা ও সঠিক পথে পরিচালনার প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *