নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযানে ৩ হাজার ৫০৫টি ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) রাতে নারায়নপুর এলাকা থেকে অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জুবাইদুল হক।
গ্রেপ্তাররা হলেন চরকুশাই চর গ্রামের জাহিদুল ইসলাম জুম্মন (৩২), একই গ্রামের হাসান (২৩), ইয়াছিন (২৩), নারায়নপুর গ্রামের আবুল মৃধা (৪০), কার্তিকপুর গ্রামের রাকিবুল ইসলাম রাকিব (৩০) এবং শ্রীকৃষ্ণপুর গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোর।
উপপরিদর্শক বলেন, রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে জুম্মনের কাছ থেকে ৩ হাজার ইয়াবা, আবুলের কাছ থেকে ২০০ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা, রাকিবের কাছ থেকে ১০০, হাসানের কাছ থেকে ১০০, ইয়াছিনের কাছ থেকে ১০০ এবং কিশোরের কাছ থেকে ৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
