বদলে গেল সালমান খানের সিনেমার নাম

বিনোদন ডেস্কঃ বলিউড তারকা সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নাম হঠাৎ পরিবর্তন করা হয়েছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। গত বছরের ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে ছবিটির টিজার প্রকাশ করেন সালমান খান। এরপর থেকেই সিনেমাটির বিষয়বস্তু নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, ছবিটির প্রেক্ষাপট নিয়ে আপত্তি তুলেছে বেইজিং। চীনা সংবাদমাধ্যমের মতে, এই সিনেমা জাতীয়তাবাদ উসকে দিতে পারে এবং এতে চীনা সেনাবাহিনীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

যদিও পরিচালক অপূর্ব লাখিয়া বা প্রযোজনা প্রতিষ্ঠান এখনো নাম পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি, তবে বিশ্লেষকদের ধারণা—কূটনৈতিক চাপ এড়াতে শিরোনাম থেকে ‘গালওয়ান’ শব্দটি সরিয়ে নতুন নাম বেছে নেওয়া হয়েছে।

‘মাতৃভূমি’ সিনেমায় সালমান খানকে গালওয়ান সংঘর্ষে ভারতীয় বাহিনীর এক সাহসী সদস্যের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের জন্য তিনি কয়েক মাস কঠোর ডায়েট মেনে চলেছেন এবং প্রেশার চেম্বারে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর রণকৌশল ও নেতৃত্ব সম্পর্কে জানতে সেনাসদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছেন।

সিনেমাটির নাম পরিবর্তনের পর এর কাহিনিতে কোনো বড় পরিবর্তন আসছে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দেশাত্মবোধক অ্যাকশন থ্রিলার হিসেবে ছবিটি সালমান খানের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তার অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *