ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিল এলাকায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই হানিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, রোববার কুমিল্লা সদর কোতোয়ালি থানাধীন সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১১ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার ফাটাবিল এলাকায় ব্রিজের উপর পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই তামিম মিয়াকে (১৮) ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত তামিম মিয়া একই এলাকার বাসিন্দা শাহেদ আলীর ছেলে।

এ ঘটনায় নিহতের বোন সাথী আক্তার (২৩) বাদী হয়ে গত ১১ মার্চ মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তামিম মিয়া তার ভাই হানিফ মিয়ার ছেলে সাইদুল (১০) শাসন করে একটি থাপ্পড় দেয়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হানিফ মিয়া ঘটনাস্থলে এসে তামিম মিয়ার সাথে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে গলার নিচে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক হানিফ মিয়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি ব্রিজের নিচে ফেলে দিয়ে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

পরে পুলিশের একটি বিশেষ টিম গঠন করে অভিযান পরিচালনা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুমিল্লা সদর কোতোয়ালি থানাধীন সংরাইশ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হানিফ মিয়া ঘটনার দায় স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলের ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। আদালতে মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *