ঝিনাইদহের মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ আসবাবপত্র।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তে আগুনে পুড়ে যায় অফিসে থাকা সকল আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি। সেসময় বিস্ফোরন করা হয় দুটি ককটেল। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বুধবার ফেসবুকে তারেক রহমানকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সাথে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাগবিতণ্ডা হয়। বিষয়টি ওইদিনই সমাধান করে দেয় স্থানীয়রা। ওই ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে ধারনা করছে স্থানীয় বিএনপির কর্মীরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *