মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুর, জেলা প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার দুর্গাবরদী গ্রামে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ও মুখমণ্ডল বিকৃত লাশের রহস্য উদঘাটন করেছে পুলিশ। কোনো দৃশ্যমান ক্লু বা আলামত না থাকা সত্ত্বেও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তার এবং নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নিহত ব্যক্তি মাদারীপুর সদর থানার দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাসিন্দা সিরাজ শিকদার (৫৬)। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি মো. বিলাল হোসেন সরদার (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি দুর্গাবরদী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিকৃত লাশ উদ্ধার করা হয়। পরে ২৭ ফেব্রুয়ারি মাদারীপুর সদর থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে বিলাল হোসেন সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও তিনজন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তবে কী কারণে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তদন্ত ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আমরা হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন করায় পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *