মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা ৪টায় স্থানীয় তালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, যিনি নাটোর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য।

তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। এই মাসে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতার চর্চা বৃদ্ধি পায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার আমির এ কে এম আফজাল হোসেন, নায়েবে আমির আনোয়ার ইসলাম মুজাহিদ, জামায়াত মনোনিত ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ আশরাফুজ্জামান প্রমূখ। তাঁরা রমজানের শিক্ষাকে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া ইউনিয়ন আমীর আলহাজ্ব মাওলানা মোঃ শফিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ বরকত আলী। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়। কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *