মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের সতীহাট এলাকায় পথচারীদের দুর্ভোগ নিরসনে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই রাস্তার ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এ রাস্তার উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এ সময় আরও উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, এলজিইডি’র সার্ভেয়ার এহতেসাম বিল্লাহ, কার্য-সহকারী মোজাহার আলী ও নাহিদ হোসেন, ইউপি সদস্য আব্দুল আলীম, শাহাদৎ হোসেন, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে গনেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন রাস্তা, কালভার্ট ও হাট-বাজারের উন্নয়ন করেছি। এরই ধারাবাহিকতায় সতীহাটের আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে, যা পথচারীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
