ফুলবাড়ীতে গ্রাম পুলিশ চাকরি বঞ্চিতদের সংবাদ সম্মেলন
মো. নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের গ্রাম পুলিশ নিয়োগ–২০২৫–এ ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চাকরি বঞ্চিত প্রার্থীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় ফুলবাড়ী প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনঃনিয়োগের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকরি বঞ্চিত প্রার্থী লাবু মিয়া। তিনি অভিযোগ করেন, গত ২২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল বিধি-বহির্ভূতভাবে প্রস্তুত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মেধা ও যোগ্যতার পরিবর্তে তদবির, ব্যক্তিগত প্রভাব এবং অর্থ লেনদেনকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
লাবু মিয়া আরও অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় জড়িত কয়েকজন ব্যক্তি ৬ লাখ টাকার বিনিময়ে এক প্রার্থীকে এবং দৈনিক সমকালের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আব্দুল জলিলের পুত্র হাসানুরের নিকট থেকে ৫ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার আশ্বাস ও সুপারিশ করেছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। এসব অভিযোগের কারণে বহু যোগ্য ও মেধাবী প্রার্থী চূড়ান্ত তালিকা থেকে বঞ্চিত হয়েছেন বলেও তারা দাবি করেন।
চাকরি বঞ্চিত প্রার্থীরা বলেন, নিয়োগ কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে প্রতিটি পদের জন্য ৫ লক্ষাধিক টাকা লেনদেনের অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের ভাষায়, “এ ধরনের অনিয়ম কেবল যোগ্য প্রার্থীদের বঞ্চিতই করে না, বরং স্থানীয় প্রশাসন ও গ্রাম পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।”
লিখিত বক্তব্যে তারা আরও দাবি করেন—
নিয়োগসংক্রান্ত অভিযোগ তদন্তে স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এই নিয়োগ জনগণের আস্থাহীনতা তৈরি করবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাকরি বঞ্চিত প্রার্থীরা আরও ঘোষণা দেন, দাবি পূরণ না হলে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করবেন।

