ছাত্রদল নেতার পদ স্থগিত, ভুক্তভোগীরা বললেন ‘সার্কাস’
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীকে ঘুষি দিয়ে নাক ফাটানোর অভিযোগে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে কেন্দ্রীয় এই সিদ্ধান্তকে ব্যাঙ্গ করে পদ স্থগিতের বিষয়টিকে ‘সার্কাস’ হিসেবে আখ্যা দিয়েছেন ভুক্তভোগী ছাত্রদল কর্মীরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সাংগঠনিক পদ থেকে দুই মাসের জন্য স্থগিত করা হল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এদিকে কেন্দ্রীয় এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রদল কর্মীরা।
আরেক ভুক্তভোগী শিক্ষার্থী আবির লিখেন, ‘যে ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলদলকে স্টাবলিশ করেছে, তাদের উপর হামলা হয়েছে গতকাল। আর আপনারা দুই মাসের বহিষ্কার করেন। জালিম হইয়া যাইয়েন না ভাই। পুরা ইউনিট আপনাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ।’
উল্লেখ্য, গতকাল রাত ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে অবৈধভাবে হলের সিট দখলকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের সঙ্গে তর্কে জড়ান ছাত্রদল নেতা ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান আতিক। এসময় দলীয় অনুসারী কয়েকজন কর্মী প্রতিবাদ জানালে তিনজন শিক্ষার্থীকে মারধর করে আহত করেন আতিক। পরে একজনের নাক ফেটে গেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

