আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ )প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মেডিকেল মোড় থেকে বাজার এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ৪০(খ), (গ) ও (ঘ) অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক-ই আজিজ সাংবাদিকদের জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, বৈধ লাইসেন্স না থাকা এবং অনুমোদনহীন কসমেটিকস বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী লাইসেন্সিং অফিসার জে. এম. নাহিদ নাহিয়ানসহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
